ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোলাম হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কালীশংকরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়দের বরাত অনুযায়ী জানা যায়, বিকেলে কুষ্টিয়ার আব্দালপুরে একটি খেলা দেখতে গিয়েছিলেন ইউপি সদস্য মোলাম হোসেন। পরে হরিণাকুণ্ড উপজেলার কালীশংকরপুর বাজারে প্রয়োজনীয় কাজ সেরে রাতে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কালীশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথেই তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
ভায়না ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার হোসেন জানান, বিকেলে মোলাম হোসেন আব্দালপুরে খেলা দেখতে গিয়েছিলেন এবং রাতে বাজারের কাজ শেষ করে ফেরার পথে স্কুলের উত্তর পাশে দুর্বৃত্তদের হামলার শিকার হন। কুষ্টিয়া নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “ইউপি সদস্য মোলাম হোসেনকে কুপিয়ে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”



