দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,১১১ শিশু।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৯১২ শিশুর। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ১০০ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ১,০১২ শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৩৪ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১,০৭৭। এ সময়ে ৯৬৬ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৭৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৬৯ হাজার ৮২২, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯,৯৬৭। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪৯ হাজার ৪৭১ রোগী, যাদের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ৮৬৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।



