Saturday, September 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

মেঘমল্লারের শারীরিক অবস্থায় উন্নতি, আইসিইউ থেকে কেবিনে নেওয়ার প্রস্তুতি

তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হলে শিগগিরই তাকে বাসায় নেয়া হবে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে। তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হলে শিগগিরই তিনি বাসায় ফিরবেন বলে জানিয়েছেন এনপিএ নেতা সজীব তানভীর।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই তরুণ রাজনীতিক বর্তমানে স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন বলে জানিয়েছেন এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যসচিব সজীব তানভীর, যিনি মেঘমল্লারের চিকিৎসা বিষয়ে হাসপাতালের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে রয়েছেন।

শুক্রবার রাতে তানভীর জানান, এদিন দুপুর ১২টার পর মেঘমল্লারের জ্ঞান ফেরে এবং তখন থেকেই তাকে কৃত্রিমভাবে দেওয়া অক্সিজেন বন্ধ রাখা হয়েছে।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় তিনিসহ এনপিএর মুখপাত্র ফেরদৌস আরা রুমি নাজিফা জান্নাত এবং কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অনিক রায়, বাকী বিল্লাহ, শামীম আরা নীপা ও মনোয়ার নাঈম মেঘমল্লারের সঙ্গে কথা বলেছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে তানভীর জানান, শনিবার সকালে তাকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হতে পারে। শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হলে শিগগিরই তিনি বাসায় ফিরতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রসঙ্গত, গত সোমবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট এলাকা থেকে অচেতন অবস্থায় মেঘমল্লারকে উদ্ধার করেন তার বন্ধুরা এবং দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা দেন।

প্রথমে হাসপাতালের ৬০২ নম্বর কক্ষের ৩ নম্বর বেডে তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একই ভবনের পঞ্চম তলার আইসিইউতে স্থানান্তর করা হয়। বুধবার অবস্থার আরও অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানিয়েছিলেন আইসিইউর মেডিকেল অফিসার ডা. হাসান আল বান্না।

বৃহস্পতিবার চিকিৎসকরা তার শারীরিক অবস্থা স্থিতিশীল জানিয়ে কৃত্রিম অক্সিজেনের মাত্রা কমানোর তথ্য দেন। পাশাপাশি তার চিকিৎসার জন্য সাত সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল।

   

About

Popular Links

x