Sunday, September 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিজের ঘর-প্রতিষ্ঠান পরিষ্কারে সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনে তিনি এ আহ্বান জানান

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ এএম

নিজের বাসা, স্কুল, কলেজ ও প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “সবাই মিলে নিয়মিতভাবে পরিচ্ছন্নতার কাজে অংশ নিলে দ্রুত ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, “মাঠে বা রাস্তায় একটি করে ময়লা ফেললে হয়তো তাৎক্ষণিকভাবে কেউ কিছু বলবে না, কিন্তু সেসব ময়লা ধীরে ধীরে জমে বড় আবর্জনায় পরিণত হয়। সেখান থেকেই ছড়ায় নানা রোগজীবাণু, যার ফলে মানুষ অসুস্থ হয়ে পড়ে। তাই নিজেদের, পরিবার, সমাজ ও দেশকে সুস্থ রাখতে প্রত্যেকের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।”

প্রধানমন্ত্রী বলেন, “প্রতি সপ্তাহে এক ঘণ্টা যদি আমরা নিজের বাসা, স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য ব্যয় করি, তাহলে অবশ্যই দ্রুত এই পরিবর্তন আনতে সক্ষম হব।”

যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “যারা এভাবে আবর্জনা ফেলবেন, তাদের নিরুৎসাহিত করার ওপরও গুরুত্ব দিতে হবে।”

   

About

Popular Links

x