টকশোতে দলের পক্ষে অংশ নেওয়া বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা ৫ মিনিট পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় টকশোতে দলের প্রতিনিধিত্বকারী নেতাদের সত্য, সুন্দর ও ন্যায়ের পথে চলার আহ্বান জানিয়ে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সভায় সভাপতিত্ব করেন দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল ও আজিজুল বারী হেলাল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এবং দলীয় নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাসহ আরও অনেকে।
সভা প্রসঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার বলেন, “আজকের সভায় ড. মওদুদ আলমগীর পাভেলের সভাপতিত্বে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি আমাদের সত্য, সুন্দর এবং ন্যায়ের পথে চলার নির্দেশনা দিয়েছেন।”



