ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪২ ব্যাটালিয়নের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
নিহত আসাদুল হক (৩৮) ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ইদ্রইল গ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পীরগঞ্জের সীমান্ত থেকে প্রায় দেড় কিলোমিটার ভারতের ভেতরে বাংলাদেশি চোরাকারবারি দলের ওপর বিএসএফের চকশিবানন্দ ক্যাম্পের সদস্যরা গুলি ছোড়ে। এতে আসাদুল হক আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে ভারতের রায়গঞ্জের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আসাদুল চিহ্নিত মাদক চোরাকারবারি ছিলেন। তিনি অবৈধ মানবপাচারের সঙ্গেও জড়িত ছিলেন। তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মামলা আছে।
বিজিবির দিনাজপুর ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন জানান, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি বিএসএফ। রবিবার বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।



