ঢাকার বাড্ডা থানার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় বাসায় ঢুকে এক যুবককে গুলির ঘটনা ঘটেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান।
তিনি জানান, রাত ২ টার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালটির জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
গুলিবিদ্ধ রানা (৩৫) পেশায় একজন গাড়িচালক। তার গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী উপজেলায়।
জানা গেছে, শনিবার উত্তর বাড্ডায় ভাইয়ের বাসায় দাওয়াত খেয়ে ওই বাসাতেই ঘুমিয়ে ছিলেন তিনি। ওই বাসায় তার পরিচিত জয় নামের আরেক যুবকও ছিলেন।
এসময় তাদের বাসায় তামিম নামে এক ব্যক্তি ঢুকে পড়ে তার ডান পায়ে গুলি করে। এসময় আরও দুইজন ছিল অভিযুক্ত তামিমের সঙ্গে। গুলি করেই দ্রুত পালিয়ে যায় তারা তারা। অভিযুক্ত তামিম ওই এলাকারই বাসিন্দা।
আহত রানার স্বজনদের অভিযোগ, রানার বড় ভাইয়ের একটি প্রতিষ্ঠান থেকে নিয়মিত চাঁদা দাবি করে আসছিল তামিম। এই ঘটনার জের ধরে এই গুলির ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।
এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তার স্বজনরা জানিয়েছেন।



