ফরিদপুরের আলফাডাঙ্গায় রবিউল ইসলাম শেখ ওরফে রবি (৫৬) নামে এক চা দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তদের হামলায় তার সঙ্গে থাকা আরও তিনজন গুরুতর আহত হন।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কাশিয়ানী-আলফাডাঙ্গা সড়কের মালা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম রবি উপজেলার বড়ভাগ গ্রামের বাসিন্দা এবং পার্শ্ববর্তী কাশিয়ানী সদর বাজারের একজন চায়ের দোকানি।
আহতরা হলেন—মোক্তার বিশ্বাস (৫৫), হৃদয় শেখ (২১) ও লিটন খান (৪০)। তারা একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দোকান বন্ধ করে রবি একই গ্রামের আরও তিনজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একদল সশস্ত্র দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই রবি নিহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে মোক্তার বিশ্বাসের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জুন গ্রাম্য বিরোধের জের ধরে সুমন শেখ (৩০) নামে এক যুবককে প্রতিপক্ষের লোকজন একইভাবে কুপিয়ে হত্যা করে। নিহত রবি ছিলেন সম্পর্কে সুমনের চাচা। ওই পূর্বশত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদুজ্জামান সংবাদমাধ্যকে বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”



