Saturday, September 19, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওসি-ডিসির পর এবার গুলশানের এডিসিও বদলি

স্থলাভিষিক্ত হয়ে দায়িত্ব পেয়েছেন এডিসি মো. আমিনুল হক বাপ্পী

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

রাজধানীর গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনার জেরে পুলিশের তৃতীয় কর্মকর্তা হিসেবে গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) মো. সারোয়ার হোসাইনকে বদলি করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক আদেশে সারোয়ার হোসাইনকে গোয়েন্দা-ওয়ারী বিভাগে বদলি করা হয়। তার স্থলাভিষিক্ত হয়ে গুলশানের দায়িত্ব পেয়েছেন গোয়েন্দা বিভাগের (ডিবি) এডিসি মো. আমিনুল হক বাপ্পী।

একই আদেশে ডিএমপির ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের এডিসি মো. জাহিদুল ইসলামকে মিরপুর জোনে এবং মিরপুর বিভাগের এডিসি ফারজিনা নাসরিনকে গোয়েন্দা-মিরপুর বিভাগে বদলি করা হয়েছে।

এর আগে বুধবার কয়েক ঘণ্টার ব্যবধানে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এবং গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়েছিল।

গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করেন, যেখানে হাতবোমা বিস্ফোরণ ও পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্যমতে, ওইদিন দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানা এলাকার একটি গলিতে দেড়শ থেকে দুইশ নেতাকর্মী জড়ো হয়ে মিছিলের চেষ্টা করেন। পুলিশ ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা ককটেল ছোড়েন বলে অভিযোগ, পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গুলশান থানার এসআই মো. মাহবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন, যেখানে ১১৮ জনের নাম উল্লেখসহ আরও ৮০-১০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। শনিবার পর্যন্ত এ মামলায় মোট ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ, যাদের কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

   

About

Popular Links

x