রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনের সড়কে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ নিয়ে একই রাতে রাজধানীর বিভিন্ন প্রান্তে পরপর বিস্ফোরণের ঘটনা ঘটল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম। তিনি জানান, বিটিভি ভবনের বিপরীত পাশের সড়কে ঘটে যাওয়া এ বিস্ফোরণস্থলটি হাতিরঝিল থানা এলাকায় পড়েছে। এ বিষয়ে হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।
এর আগে রাত ১০টা ১৪ মিনিটের দিকে কাফরুলে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগে, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
দিনের শুরুতে জুমার নামাজের পর মালিবাগ রেলগেট-সংলগ্ন সড়কে সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এরপর সন্ধ্যার দিকে মহাখালী এলাকায় পরপর দুটি এবং প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন-সংলগ্ন সড়কে আরও একটি বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এরপর যাত্রাবাড়ীতে একসঙ্গে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে, যাতে এক রিকশাচালক আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
যাত্রাবাড়ীতে ঘটনার সময় এলাকাটিতে ছিল স্বাভাবিক জনসমাগম ও যান চলাচল। হঠাৎ পরপর বিস্ফোরণে পথচারী ও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। প্রাণ বাঁচাতে মানুষ ছুটোছুটি শুরু করেন, অনেকে আশ্রয় নেন আশপাশের দোকান ও ভবনে। খবর পেয়ে দ্রুত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এছাড়া রাত ৮টার দিকে বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে এবং রাত ৯টার পর মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশেও পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে একের পর এক এমন বিস্ফোরণে রাজধানীজুড়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।



