রাজধানীর শাহবাগ, পল্টনে একই রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টা থেকে রাত পৌনে ১২টার মধ্যে পৃথক এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সবশেষ রাত সাড়ে ১১টা থেকে ১১টা ৪০ মিনিটের মধ্যে শাহবাগ থানার তিন নেতার মাজারের পাশে মেট্রোরেল পিলার-৫২৭ এর নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। তিনি জানান, বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে রাত পৌনে ১১টার দিকে পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ বিষয়ে ওসি মো. মনিরুজ্জামান জানান, তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। একটি শব্দ শোনা গেলেও ঠিক কোন পাশে বিস্ফোরণ হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কে বা কারা এ ঘটনায় জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে।
পৃথক দুটি ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।



