ঢাকার ধামরাইয়ে চীনা মালিকানাধীন ব্যাটারি কারখানার এক চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে লকার থেকে নগদ ৭০ লক্ষ টাকা লুট করা হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে এই ঘটনার কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লি.’ নামে ওই কারখানায় এ ঘটনা ঘটে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরের দিকে ধামরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
কারখানার কর্মকর্তাদের দাবি, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইর নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে অন্তত তিনজনের একটি দল কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। তাদের মুখে মাস্ক ছিল। কারখানার পেছনের অংশে কোনো নিরাপত্তা ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা ছিল না। কারখানায় ঢুকে চীনা কর্মকর্তাকে গলায় ছুরি ধরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে তারা। তার কাছ থেকে চাবি নিয়ে লকারে রাখা ৭০ লক্ষ টাকা নিয়ে যায়।
কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইর বলেন, “আনুমানিক সাড়ে ১১টার দিকে বাথরুমের জানালা দিয়ে ঢুকে প্রথমে আমার গলায় ছুরি ধরেছে, এরপর বলেছে চাবি দাও। তখন চাবি নিয়ে লকার থেকে ৭০ লাখ টাকা নিয়ে চলে গেছে। তারা মাস্ক পরা ছিল। আর আমার হাত-পা বাঁধা ছিল।”
কারখানার ম্যানেজার বলেন, “জিয়াংশু স্টোরেজ ব্যাটারি কোম্পানি লিমিটেডের ম্যানেজার হিসেবে কর্মরত আছি। গতকাল রাতে ১২টার দিকে বাথরুমের গ্রিল কেটে ইনচার্জকে হাত-পা বেঁধে গলায় চাকু ধরে লকার খুলে ৭০ লাখ টাকা নিয়ে যায়। ওই পাশে কোনো ক্যামেরা নেই।”

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, “রাত ১২টার পরে সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায় ব্যাটারি কারখানায় দোতলায় তিনজন দুর্বৃত্ত ঢুকে চীনা নাগরিককে বেঁধে লকার থেকে ভুক্তভোগীর দেওয়া তথ্য অনুযায়ী, ৭০ লাখ টাকা নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সংশ্লিষ্টদের। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।”



