Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

আত্মীয়ের মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্স উল্টে নারীর মৃত্যু

দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

বগুড়ার শাজাহানপুর উপজেলায় আত্মীয়ের মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাম্বুলেন্স উল্টে খাদিজা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মাথাইলচাপড় এলাকায় রানীরহাট-মালঞ্চা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নিহত ওই নারীর ছেলে, ছেলের বউ ও শিশুসহ নাতি আহত হয়েছে। 

দুপুরে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেন।

নিহত খাদিজা বেগম বগুড়া সদর উপজেলার বানদীঘি ইসবপুর গ্রামের মৃত নুরুজ্জামান মন্ডলের স্ত্রী। 

আহতরা হলেন, খাদিজা বেগমের ছেলে শাহ্ পরান (২৮), ছেলের বউ জুঁই আক্তার (২২) ও নাতি সাব্বির (৩)।

পুলিশ ও স্বজনরা জানান, কোহিনূর বেগম (৭০) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সোমবার ভোরে মরদেহটি অ্যাম্বুলেন্সে নিয়ে নন্দীগ্রামের বনগ্রামের বাড়ির দিকে রওনা দেন তার স্বজনরা।

অ্যাম্বুলেন্সে মৃত কোহিনূর বেগমের সঙ্গে খাদিজা বেগম, শাহ্ পরান, জুই আক্তার ও সাব্বিরসহ পরিবারের কয়েকজন ছিলেন।

নিহতের ছেলে শাহ্ পরান জানান, অ্যাম্বুলেন্স শাজাহানপুর উপজেলার মাথাইলচাপড় এলাকায় রানীরহাট-মালঞ্চা সড়কে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে অ্যাম্বুলেন্সটি সড়কের পাশে একটি সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই খাদিজা বেগম মারা যান। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স চালক পালিয়ে যান।

বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, নিহত খাদিজা বেগমের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

   

About

Popular Links

x