Thursday, September 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

তার লেখা ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা’ গানটি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পিএম

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিশুসাহিত্যিক আখতার হুসেন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে ১৯৪৫ সালের ১ নভেম্বর তার জন্ম। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি মস্তিষ্কে রক্তক্ষরণ ও রক্তচাপ কমে যাওয়ায় কয়েকটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত শুক্রবার থেকে লাইফ সাপোর্টে ছিলেন। তাঁর জানাজা ও দাফনের বিস্তারিত পরে জানানো হবে।

পেশাগত জীবনে সাংবাদিকতা করেছেন দৈনিক জনকণ্ঠ, প্রথম আলোসহ বিভিন্ন পত্রিকায়। ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রায় ছয় দশক ধরে শিশু-কিশোরদের জন্য লিখেছেন তিনি। ‘সমুদ্র অনেক বড়’, ‘রামধনুকের সাঁকো’, ‘উল্টোপাল্টা’, ‘আমার দুটো ডানা’, ‘পাজি বেড়ালের শাস্তি’ ও ‘ফ্রিডম ফাইটার’সহ তার শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ শিশু একাডেমির পাঁচ খণ্ডের ‘শিশু-বিশ্বকোষ’-এও তার সর্বাধিকসংখ্যক লেখা রয়েছে।

মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তার লেখা এবং অজিত রায়ের সুরে তিমির নন্দীর গাওয়া ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে জাগছে বাঙালিরা/আজ রুখবে তাদের কারা’ গানটি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন আখতার হুসেন। তিনি ছিলেন বাংলা একাডেমির ফেলো।

   

About

Popular Links

x