Thursday, September 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিকল ট্রলারে চার দিন সমুদ্রে ভেসে থাকা ১৮ জেলেকে উদ্ধার

পটুয়াখালীতে জেলেদের স্বজনরা আরেকটি মাছ ধরার ট্রলার নিয়ে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগরে বিকল একটি মাছ ধরার ‍ট্রলারে ভাসতে থাকা ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ভুক্তভোগীদের স্বজনরা একটি মাছ ধরার ট্রলার নিয়ে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন। ট্রলারের বিকল হওয়ার চার দিন পর তারা উদ্ধার হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জের জোবায়ের এন্টারপ্রাইজের মৎস্য আড়তদার ফরহাদ হোসেন পাটোয়ারী। তিনি বলেন, “একটি ট্রলার পাঠিয়ে জেলেদের উদ্ধার করা হয়েছে।”

উদ্ধারকারী ট্রলারে থাকা বিকল ট্রলারের মালিক হানিফ মাঝির ভাই ফিরোজ জানান, তার ভাইসহ ট্রলারের ১৮ জন মাঝি-মাল্লাকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সোনারচর সংলগ্ন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের পাচকপাট স্লুইস গেট এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর ট্রলারটির পাখা ভেঙে যায়। তার পর থেকে সোনারচর ও রূপারচরের মাঝামাঝি এলাকায় বিকল অবস্থায় নোঙর করে ছিল ট্রলারটি। গত ২২ সেপ্টেম্বর মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়ার পর হানিফ মাঝি বিষয়টি তার এলাকার আড়তদার ফরহাদ হোসেন পাটোয়ারীকে জানান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চাওয়া হয়।

তবে তিন নম্বর সতর্ক সংকেতের মধ্যে উত্তাল সাগরে উদ্ধার অভিযান ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বুধবার পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। শেষে বৃহস্পবিার সকালে আড়তদারের পাঠানো ট্রলার দিয়ে তাদের উদ্ধার করা হলো।

   

About

Popular Links

x