Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাসদ কার্যালয়ে থাকা প্রায় ৩০০ জন পুলিশের হেফাজতে

এর আগে, দুপুর ৩টায় গুলিস্তানে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ৩০০ জনকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) অভিযান শেষে সন্ধ্যায় পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের সামনে বৃফিং করেন। তিনি  বলেছেন, “আমি নির্দিষ্ট সংখ্যাটা এ মুহূর্তে বলতে পারছি না, তবে সংখ্যাটা ২৮০ থেকে ৩০০ জনের কাছাকাছি হবে।” 

এর আগে, দুপুর ৩টায় দলটির কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। এরপর একের পর এক প্রিজন ভ্যান এনে কার্যালয়ের ভেতরে থাকা লোকজনকে হাতকড়া পরিয়ে পল্টন থানায় নিয়ে যাওয়া হয় বলে কর্মরত পুলিশ সদস্যরা জানিয়েছিলেন। 

পুলিশ জানিয়েছিল, জাসদ কার্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা একত্রিত হয়েছেন তথ্যে এ অভিযান চালানো হয়। 

পুলিশের উপকমিশনার হারুন অর রশিদ আরও বলেন, “আমাদের কাছে একটি তথ্য ছিল, জাসদ এবং তাদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে নাশকতা করার উদ্দেশ্যে অথবা অন্য কোনো অসৎ উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছিলেন। তো এ সংবাদ পেয়ে আমাদের পুলিশ প্রাথমিক ব্যবস্থাগুলো নিয়েছে। স্থানীয় ছাত্র-জনতা পুলিশকে সহায়তা করেছে।”

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “তারা আসলে কী উদ্দেশ্যে এখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী কী তথ্য আছে এবং কী কী কর্ম তারা এখানে করেছেন, সেগুলো যাচাই-বাচাই করা হচ্ছে। ইতোমধ্যে তারা এখানে জয় বাংলা স্লোগান দিয়েছে মর্মে আমাদের কাছে কিছু তথ্য আছে।” 

পুলিশ বলছে, ‘নিরাপত্তার স্বার্থে এবং পুরো ঘটনা যাচাই-বাছাইয়ের স্বার্থে’ তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 

তদন্তের সুবিধার্থে দরকার পড়লে তাদেরকে আশপাশের থানায় নেওয়া হতে পারে বলেও জানিয়েছে পুলিশ। 

উপকমিশনার হারুন বলেন, “যাচাই বাছাই করে যার যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের নামে মামলা হবে বা আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদেরকে অন্য যে প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়ায় ছেড়ে দেওয়া হবে।’’ 

   

About

Popular Links

x