Tuesday, October 13, 2026

সেকশন

English
Dhaka Tribune

টয়লেটে যাওয়ার কথা বলে প্রিজন ভ্যান থেকে পালালেন ‘পিচ্চি রাজা’

মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত তিনি

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পিএম

গাজীপুরে প্রিজন ভ্যান থেকে টয়লেটে যাওয়ার কথা বলে নেমে পালিয়ে গেছেন রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘শীর্ষ মাদক কারবারি’ হিসেবে পরিচিত রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। 

এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ঘটনাটি তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) ভারপ্রাপ্ত মোহাম্মদ তাহেরুল হক চৌহান এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে আসামি পলায়নের ঘটনা ঘটে বলে জানান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার নজরুল ইসলাম।

তিনি জানান, আসামি পিচ্চি রাজা, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বসবাস করতেন। পালিয়ে যাওয়া আসামির বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২৫টি মামলা রয়েছে বলছে পুলিশ।

পুলিশ ও কারাগার সূত্রে জানা যায়, মামলার শুনানিসহ হাজিরা দেওয়ার জন্য প্রতিদিনই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে অনেক আসামিকে ঢাকায় আনা-নেওয়া করা হয়। প্রতিদিনের মতো রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ৩০ আসামিকে ঢাকা মেট্রোপলিটন আদালতে আনা হয়।

আদালতের কাজ শেষে তাদের গাজীপুরে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে আসামি পিচ্চি রাজা টয়লেট করবেন বলে চিৎকার শুরু করেন। 

আসামি বহনকারী গাড়িটি রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বাইমাইল এলাকায় পৌঁছালে সঙ্গে থাকা উপ-পরিদর্শক (এসআই) তাকে টয়লেট করানোর জন্য নিচে নামান। এসময়ই আসামি ‘পিচ্চি রাজা’ দৌড়ে পালিয়ে যান। বাকি ২৯ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

কারা অধিদপ্তরের জেলার মাসুদ হাসান জুয়েল বলেন, “গাজীপুর থেকে তাকে ঢাকার আদালতে হাজিরা দিতে আনা হয়েছিল। হাজিরা শেষে রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের নওজোড় হাইওয়ে থানার কাছে আসামি পুলিশকে টয়লেটে যাওয়ার কথা বলে। এরপর পুলিশ গাড়ি থেকে নামিয়ে টয়লেটে নিয়ে যায়। সেখান থেকে তিনি পালিয়ে যান।”

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হোসেন বলেন, “প্রিজন ভ্যানে ৩০ আসামি ছিলেন। তার মধ্যে পিচ্চি রাজা নামে একজন পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টার পাশাপাশি কীভাবে পালিয়ে গেলো, সব খতিয়ে দেখা হচ্ছে।”

পুলিশ বলছে, পিচ্চি রাজা ঢাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। তাকে দীর্ঘদিন ধরেই খোঁজা হচ্ছিল। 

প্রসঙ্গত, গত ১৯ মে নেপাল থেকে ফেরার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘পিচ্চি রাজা’ কে গ্রেপ্তার করা হয়। তখন তার সঙ্গে তার স্ত্রী ও শ্যালকও ছিলেন। 

   

About

Popular Links

x