Tuesday, September 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওসির জন্য ‘শুভ জন্মদিন শেখ হাসিনা’ লেখা কেক পাঠালেন ছাত্রলীগ কর্মীরা

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত থেকে এ সংক্রান্ত একটি ভিডিও ঘুরতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জন্য থানার কাছে রাখা একটি কেকের ভিডিও ভাইরাল হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত থেকে এ সংক্রান্ত একটি ভিডিও ঘুরতে শুরু করে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওটিতে দেখা যায়, জেলা শহরের টিএরোড ফকিরা পুলের ওপর রাখা রয়েছে কেক। ওই ভিডিওতে অজ্ঞাত এক ব্যক্তির কণ্ঠে বলতে শোনা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে সদর মডেল থানার সম্মানিত ওসির জন্য কেকটি পাঠানো হয়েছে। 

পুলিশ প্রশাসনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশার কথাও বলা হয় ভিডিওতে। একই সঙ্গে জুলাই আন্দোলনে নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার এবং ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলেও দাবি করা হয়।

ভিডিওতে সদর মডেল থানার ওসিকে কেকটি সহকর্মী এবং বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে খাওয়ার অনুরোধ জানানো হয়।

রেখে যাওয়া কেকটির ওপর লেখা ছিল, “শুভ জন্মদিন শেখ হাসিনা”। এর নিচে লেখা ছিল, “ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়ার ওসির জন্য।”
কেকটিতে বাংলাদেশের জাতীয় পতাকার ছবিও আঁকা ছিল।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, বাস্তবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন  ছাত্রলীগের এই শহরে কোনো অস্তিত্ব কিংবা ভিত্তি নেই। ওরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করার জন্য এসব করছে। আমরা মনে করি এসব কিছু করে তারা কোনভাবে রাজনৈতিক ফায়দা লুটতে পারবে না। এদের ব্যাপারে বরাবরের মতো সতর্ক এবং সোচ্চার আছি।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, “কেক রেখে যাওয়ার ঘটনার বাস্তবে কোনো ভিত্তি নেই। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমরা তাদের ব্যাপারে সতর্ক আছি। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিষয়ে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে।”

   

About

Popular Links

x