Tuesday, September 29, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় জামাতা গ্রেপ্তার, মুখ খুললেন জামায়াত এমপি

ডিবির গুলশান বিভাগের একটি দল রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে 

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

রাজধানীর নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমানকে নিজের জামাতা উল্লেখ করে এ ঘটনায় নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) আব্দুল গফুর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ দাবি করেন। দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে বিবৃতিটি পাঠান কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক।

বিবৃতিতে আব্দুল গফুর বলেন, "সম্প্রতি ঢাকার মাটিকাটা এলাকা থেকে মিজানুর রহমানের গ্রেপ্তার এবং তাকে কেন্দ্র করে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। প্রকাশিত এসব প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম জড়ানো এবং আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সম্পৃক্ত করে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার যে অপচেষ্টা চালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।"

তিনি জানান, প্রকাশিত সংবাদে মিজানুর রহমানকে তার নিজস্ব বাসভবন থেকে গ্রেপ্তারের দাবি করা হয়েছে। তবে এ তথ্য "সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক"। তার দাবি, ঢাকার মাটিকাটায় তার কোনো ব্যক্তিগত বাসা নেই। তিনি সরকারিভাবে বরাদ্দকৃত ন্যাম ভবনে অবস্থান করেন। প্রকৃত তথ্য যাচাই না করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশের মাধ্যমে তাকে বিতর্কিত ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আব্দুল গফুর বলেন, "আমি স্পষ্টভাবে বলতে চাই, মিজানুর রহমানের সঙ্গে সংঘটিত বিষয়টি তার সম্পূর্ণ ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয়। এ ঘটনার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। একইভাবে মিজানুর রহমানের এই ব্যক্তিগত ও ব্যবসায়িক বিরোধের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো সম্পর্ক নেই।"

তিনি আরও জানান, ‌‌একটি ব্যক্তিগত ব্যবসায়িক বিরোধকে রাজনৈতিক রং দিয়ে জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা এবং একই সঙ্গে তাকে এ ঘটনায় জড়িয়ে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ধরনের অপপ্রচার বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি জনগণের কাছে প্রকৃত ঘটনাকে আড়াল করার সুযোগ তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে সংসদ সদস্য জানান, কোনো পক্ষের দেওয়া একতরফা, অসম্পূর্ণ বা যাচাই-বাছাইহীন তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ না করে ঘটনার প্রকৃত সত্য অনুসন্ধান করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান তিনি।

যেসব গণমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রকাশিত হয়েছে, সেসব সংবাদ দ্রুত সংশোধন করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার জন্যও তিনি দাবি জানান।

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান এজাহারভুক্ত ৯ নম্বর আসামি। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ডিবির গুলশান বিভাগের একটি দল রাজধানীর পশ্চিম মাটিকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বলে ডিএমপি জানিয়েছে।

   

About

Popular Links

x