Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

এমপিকে নয়, মেয়ের মৃত্যুর জন্য যাকে দায়ী করলেন মরিয়মের বাবা

এ সময় মর্গের সামনে স্বজনদের সাথে মরিয়মের দাদিও উপস্থিত ছিলেন

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পিএম

রাজধানীর ন্যাম ভবনে ঝুলন্ত মরদেহ উদ্ধার হওয়া সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মৃত্যুর ঘটনায় নিজের শ্যালক ওবায়দুর রহমানকে সরাসরি দায়ী করেছেন নিহতের বাবা মাসুম বিল্লাহ। টাকার লোভে তার মেয়েকে এই সম্পর্কের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিহতের বাবা এ অভিযোগ করেন। এ সময় মর্গের সামনে স্বজনদের সাথে মরিয়মের দাদিও উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবেগপ্লুত বাবা মাসুম বিল্লাহ বলেন, “আজকে এই পরিস্থিতির জন্য আমার শ্যালক ওবায়দুর দায়ী। এই রাস্তায় সেই মেয়েকে নিয়ে আসছে।” টাকার লোভে প্ররোচিত করে তার মেয়েকে সংসদ সদস্যের সাথে সম্পর্কের দিকে ঠেলে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় তিনি আরও দাবি করেন, বাবার সাথে মেয়ের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল এবং মেয়ে কখনো তার কাছে কোনো অভিযোগ করেনি।

উল্লেখ্য, দুই স্ত্রীকে নিয়ে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাটে বসবাস করছিলেন সাবেক জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। রবিবার সন্ধ্যায় ওই ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সময় ফ্ল্যাটে সংসদ সদস্য গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগম উপস্থিত ছিলেন।

ঘটনাস্থল থেকে পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামতের পাশাপাশি মরিয়মের নিজ হাতে লেখা আবেগঘন কয়েকটি চিঠিও উদ্ধার করেছে। এর আগে গত জুলাই মাসে তাদের অন্তরঙ্গ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নৈতিক স্খলনের অভিযোগে গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

   

About

Popular Links

x