Monday, September 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘গাজী নজরুল ইসলাম জামায়াতের কেউ নন’

একটি বার্তায় এমনটাই জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পিএম

সাতক্ষীরা-৪ আসনের বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় কোনো দলীয় প্রতিক্রিয়া জানাবে না বলে স্পষ্ট জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, নৈতিক স্খলনের দায়ে পূর্বে বহিষ্কৃত হওয়ার কারণে গাজী নজরুল বর্তমানে জামায়াতের কেউ নন।

রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ জানান, এটি একটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং এ নিয়ে দলের কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, “গাজী নজরুল তো জামায়াতের কেউ নন, তাকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। যে কোনো ব্যক্তিগত অপরাধ বা ঘটনার নিরপেক্ষ তদন্তের সার্বিক দায়িত্ব সরকারের। এখানে জামায়াতের নতুন করে কিছু বলার নেই।”

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে জামায়াতে ইসলামীর মনোনয়নে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম। তবে গত জুলাই মাসে এক তরুণীর সঙ্গে তাঁর 'ব্যক্তিগত মুহূর্তের' ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে গাজী নজরুল ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন বলে দাবি করেন।

ভিডিও ফাঁসের ঘটনায় দলীয় শৃঙ্খলা ও নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২২ জুলাই জামায়াতে ইসলামী তাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করে এবং তার সংসদ সদস্য পদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতীয় সংসদের স্পিকার ও নির্বাচন কমিশনকে অবহিত করে।

যদিও সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে গাজী নজরুল দাবি করেছিলেন, কাগজে-কলমে তিনি এখনো দলের সদস্য এবং তার সদস্যপদ বহাল রয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়ে জানানো হয়েছে, দলটির সাথে তার আর কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পর্ক নেই।

   

About

Popular Links

x