Sunday, September 27, 2026

সেকশন

English
Dhaka Tribune

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় জড়িতদের নিয়ে যা বললো পুলিশ

ঘটনাস্থল পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে গভীর রাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) নিউগ্রিনি প্রপার্টিজে ভাঙচুরের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম।

তিনি বলেন, “গতকাল রাতের ঘটনায় কিছু লোক দলবদ্ধভাবে এখানে ভাঙচুর করেছে। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশনসহ পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেফতার করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

গ্রেফতার ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, তাদের একজনের নাম মামুন। তার বাড়ি গফরগাঁও এবং তিনি ভাষানটেক বস্তিতে থাকেন। আরেকজন আসলাম, তার বাড়ি টাঙ্গাইল এবং তিনি অটোরিকশা চালান। অপরজনের নাম মুন্না, তিনিও ভাষানটেক বস্তিতে থাকেন।

হামলার কারণ জানতে চাইলে মাহিদুল ইসলাম বলেন, “আমরা জিজ্ঞাসাবাদ করছি। আরও তথ্য পাওয়া গেলে বিষয়টি সুস্পষ্টভাবে বলতে পারব।”

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে প্রাথমিকভাবে কী তথ্য পাওয়া গেছে জানতে চাইলে তিনি বলেন, “প্রাথমিকভাবে মনে হয়েছে, এটা একটি হাউজিং বিজনেস। এখানে এতগুলো লোক একসঙ্গে দলবদ্ধভাবে এবং রাতের বেলা এসেছে। সে কারণে হয়তো জমিকে কেন্দ্র করে, জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে।”

তিনি বলেন, “এটি যেহেতু তদন্তাধীন, আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষ হলেই প্রকৃত কারণ জানা যাবে।”

বিবাদটি কার সঙ্গে জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বলেন, “সুস্পষ্টভাবে সেটা এখনই বলতে পারছি না।”

সালমান মুক্তাদিরের কাছে চাঁদা দাবি করা হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে মাহিদুল ইসলাম বলেন, “এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে, এটা জমিকে কেন্দ্র করে বিবাদমান গ্রুপগুলোর মধ্যে হতে পারে। সঠিক তদন্তের পরই বিষয়টি জানা যাবে।”

   

About

Popular Links

x