Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

নিখোঁজ মাদরাসা সুপারের অর্ধগলিত মরদেহ ডোবা থেকে উদ্ধার

দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ফরিদুল রহমান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রায়পুর গ্রামের বাসিন্দা। তিনি হবিগঞ্জেরই মাধবপুর উপজেলার মোহাম্মদপুর বাগে মদিনা ইবতেদায়ি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তার সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ ছিলেন ফরিদুল রহমান। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

শনিবার বিকেলে নাসিরনগরের গুনিয়াউক ইউনিয়নের বেলমুড়া এলাকার একটি ডোবায় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে মরদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহটি ফরিদুল রহমানের বলে শনাক্ত করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা জানান, ফরিদুল রহমান নিখোঁজ হওয়ার বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম বলেন, “দুই দিন আগে মাদ্রাসা থেকে বের হওয়ার পর থেকে ফরিদুল রহমান নিখোঁজ ছিলেন। আজ ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণ, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পরবর্তী তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।”

   

About

Popular Links

x