ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় একটি তেলবাহী ওয়াগন ট্রেনের চাকা লাইনচ্যুত হয়েছে।
ফলে বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টা থেকে চট্টগ্রামগামী ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
তবে দুর্ঘটনার পর থেকে আখাউড়া রেলওয়ে জংশনের উদ্ধারকারী দলের কর্মকর্তারা দুর্ঘটনা কবলিত ট্রেনের চাকা উদ্ধারে কাজ শুরু করেছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে মোট ২১টি ওয়াগন(বগি) নিয়ে ট্রেনটি আখাউড়া জংশনে আসে। এর মধ্যে ৯টি ওয়াগন(বগি) আখাউড়া রেলস্টেশনে রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল। এক লাইন থেকে অন্য লাইনে নেওয়ার সময়ই এই দুর্ঘটনাটি ঘটে।
আখাউড়া রেলওয়ে জংশন লোকোশেডের ইনচার্জ মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আখাউড়া জংশনে প্রবেশের পথে ডাউন লাইনে তেলবাহী ট্রেনের একটি খালি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ওয়াগনটি উদ্ধার ও রেললাইন সচল করার কাজ চলছে। উদ্ধারকাজ শেষ হলে অল্প সময়ে ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।



