Friday, October 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

সীতাকুণ্ডের বন্ধ শিপইয়ার্ড চালুর বিষয়ে যা বললেন শ্রমমন্ত্রী

শ্রমিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্ধ ইয়ার্ড চালু করা হবে বলে জানিয়েছেন তিনি 

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ এএম

শ্রমিকদের নিরাপত্তা ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিল্প সম্প্রসারণ ও কর্মসংস্থান বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সীতাকুণ্ডে সাম্প্রতিক দুর্ঘটনার পর বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চালুর বিষয়ে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্ধ ইয়ার্ড চালু করা হবে বলে জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শীতলপুরে পিএইচপি শিপইয়ার্ড ও কবির স্টিল রিসাইক্লিং ইয়ার্ড পরিদর্শন করেন তিনি। পরে সেখানে মতবিনিময়কালে এসব কথা বলেন আরিফুল হক চৌধুরী।

পরিদর্শনের সময় ইয়ার্ডের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন মন্ত্রী। শ্রমিকদের কর্মপরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজ নেওয়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতিও পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় ইয়ার্ডের কার্যক্রম এবং শ্রমিকদের নিরাপত্তায় নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে তাকে জানান।

পরে দুই ইয়ার্ডের কার্যক্রম এবং শ্রমিকদের নিরাপত্তার জন্য নেওয়া ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী।

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে সম্প্রতি দুর্ঘটনায় ১০ শ্রমিক নিহত হন। এরপর থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে প্রায় অর্ধশত শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। এসব শ্রমিকের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বন্ধ প্রতিষ্ঠানটির কার্যক্রম দ্রুত চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান মন্ত্রী।

আরিফুল হক চৌধুরী বলেন, “দেশে এ ধরনের শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ানো দরকার। শিল্পপ্রতিষ্ঠান যত বাড়বে, কর্মসংস্থানের সুযোগও তত তৈরি হবে। একইসঙ্গে শিল্পের বিকাশের সঙ্গে শ্রমিকদের নিরাপত্তা এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়টিকেও গুরুত্ব দিতে হবে।”

পরিদর্শন ও মতবিনিময়কালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব আলম এবং বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিআরএ) প্রেসিডেন্ট মো. মহসিনসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x