রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাংবাদিক মোজাম্মেল হক বাবুর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আগামী ৭ অক্টোবরের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল-২ এ নির্দেশ দেয়। কারা কর্তৃপক্ষকে ২০২৫ সালের ২৬ জুলাই করা মোজাম্মেল বাবুর পিএসএ (প্রস্টেট-স্পেসিফিক অ্যান্টিজেন) পরীক্ষার প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে।
মোজাম্মেল হক বাবু একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক।
শুনানি শেষে তার আইনজীবী এ বি এম হামিদুল মিসবাহ জানান, মোজাম্মেল বাবু ২০২৩ সাল থেকে স্টেজ-৩ প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত। ওই বছরই তার অস্ত্রোপচার হয়। ক্যান্সারের বর্তমান অবস্থা পর্যবেক্ষণের জন্য নিয়মিত পিএসএ পরীক্ষা প্রয়োজন হলেও ২০২৫ সালের জুলাইয়ে করা পরীক্ষার প্রতিবেদন পরিবার বা আইনজীবীদের দেওয়া হয়নি।
আইনজীবী জানান, ২০২৪ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর মোজাম্মেল বাবুর শারীরিক অবস্থার অবনতি হয়। কারা কর্তৃপক্ষের উদ্যোগে গত বছরের ২৬ জুলাই তার পিএসএ পরীক্ষা করা হলেও এর প্রতিবেদন তাদের হাতে দেওয়া হয়নি।
এ কারণে ট্রাইব্যুনালে আবেদন করে ওই প্রতিবেদন আদালতে দাখিলের পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে নতুন করে স্বাস্থ্য পরীক্ষা করানোর আবেদন করা হয়। তবে শুনানি শেষে ট্রাইব্যুনাল শুধু আগের পরীক্ষার প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। নতুন করে স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে কোনো আদেশ দেওয়া হয়নি বলে জানান আইনজীবী।
এদিন মোজাম্মেল বাবুর জামিনের আবেদন করা হয়নি বলেও জানান তার আইনজীবী।
ট্রাইব্যুনালে জমা দেওয়া আবেদনে বলা হয়েছে, প্রোস্টেট ক্যান্সারের অস্ত্রোপচারের পর থেকে মোজাম্মেল বাবু প্রস্রাবের নিয়ন্ত্রণজনিত সমস্যায় ভুগছেন। কারাগারে থাকাকালে তিনি প্রয়োজনীয় ‘পেলভিক ফ্লোর’ ফিজিওথেরাপিও নিতে পারেননি।
আবেদনে আরও বলা হয়েছে, ২০২৬ সালের মার্চ থেকে তিনি ত্বক ও অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন। তার মুখের ডান পাশে থাকা একটি তিলের আকার গত দুই বছরে বেড়েছে। তবে এখনো সেটি চর্মরোগ বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করানো হয়নি।
এ ছাড়া তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, লিপিডের সমস্যা, শ্বাসকষ্ট বা সিওপিডি এবং মেরুদণ্ড ও জয়েন্টের অবক্ষয়জনিত রোগে ভুগছেন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
মোজাম্মেল বাবুর বর্তমান স্বাস্থ্য, বিদ্যমান রোগ, অস্ত্রোপচার-পরবর্তী জটিলতা এবং চলমান চিকিৎসার বিষয়ে পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য অনকোলজি ও ইউরোলজিসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার আবেদন করা হয়।



