অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১) যৌথভাবে অভিযান চালায়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির ডিপ্লোমেটিক ওয়্যারহাউস কার্যক্রমে গুরুতর অসংগতি পাওয়া যায়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুত করে রেখেছে। এর মধ্যে অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউসেও পণ্য সংরক্ষণ করা হচ্ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ অবস্থায় বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অননুমোদিত ওয়্যারহাউসে স্থানান্তর বা অপসারণ ঠেকানো এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।
এনবিআর জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত ও বিস্তারিত যাচাই কার্যক্রম চলছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে।



