বগুড়ায় বিনা টিকিটে ট্রেনযাত্রার পর ভাড়া পরিশোধ করতে রেলস্টেশনের কাউন্টারে টাকা ও হাতে লেখা চিরকুট রেখে গেছেন এক যাত্রী।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে বগুড়ার একটি রেলস্টেশনের কাউন্টারে এ ঘটনা ঘটে।
বগুড়া স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, মহৎ ওই ব্যক্তির পরিচয় জানলে তাকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতেন।
বগুড়া স্টেশন মাস্টার সূত্র জানায়, কাগজে হাতে লেখা ওই চিরকুটে লেখা রয়েছে, “আমি মাহী, গত ৭ অক্টোবর তারিখে আমি সান্তাহার যাই। যাওয়ার সময় তাড়াহুড়ার জন্য টিকিট কাটার সময় পাইনি। তবে ফিরে আসার সময় টিকিট কাটছি। তাই এই ৩০ টাকা রেখে যাাচ্ছি।”
ওই চিরকুটে এর বেশি কিছু লেখা না থাকায় মহৎ ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে তার বিনা টিকিটে ট্রেনে ভ্রমণের পরও ভাড়া পরিশোধের এই উদ্যোগ রেল যাত্রীদের দায়িত্ববোধ জাগ্রত করতে অনুপ্রেরণা জুগিয়েছেন।
বগুড়া রেল স্টেশনের স্টেশন মাস্টার সাজেদুর রহমান সাজু জানান, বগুড়া থেকে সান্তাহার পর্যন্ত ট্রেনের টিকিটের মূল্য ১২ টাকা। তবে ওই ব্যক্তি কয়জনের ভাড়া ও ৩০ টাকা কি হিসাবে রেখে গেছেন তা নিশ্চিত হওয়া যাচ্ছেনা। এরপরও ওই টাকা সরকারি কোষাগারে জমা করতে ৩০ টাকা মূল্যের টিকিট কেটে তা ছিঁড়ে ফেলা হবে।
স্টেশন মাস্টার বলেন, “যাত্রীর এ ধরনের সচেতনতা প্রশংসার দাবিদার। তবে তাকে রেলস্টেশনের এলে সময় নিয়ে আসা উচিত ছিল। তিনি শুধু যাওয়ার সময়কার ট্রেনের ভাড়া বাবদ ৩০ টাকা ও চিরকুট রেখে গেছেন। পুরো নাম, ঠিকানা বা পরিচয় লিখলে তাকে ডেকে এনে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাতে পারতেন।”
স্টেশন মাস্টার আরও জানান, রেলওয়ে যেহেতু সবার; তাই এর যত্ন ও দেখভালের জন্য সচেতন সকলকে এগিয়ে আসা উচিত। ট্রেনে ভ্রমণের সময় প্রত্যেক যাত্রীকে টিকিট কাটা নিজস্ব দায়িত্ব।
“মাহী’ নামে ওই যাত্রী সকলকে সততা ও দায়িত্বজ্ঞান সম্পর্কে বার্তা দিয়েছেন যে, জনগণের সম্পদ রক্ষায় সকলকে সৎ ও দায়বদ্ধতা থাকা উচিত,” বলেও মন্তব্য করেন তিনি।



