Wednesday, October 14, 2026

সেকশন

English
Dhaka Tribune

যানজটে থেমে ছিল মোটরসাইকেল, হঠাৎ ট্রাকের ধাক্কায় ২ আরোহীর মৃত্যু

নিহত দুজনের বাড়ি নরসিংদী জেলা সদরে বলে প্রাথমিকভাবে জানা গেছে

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১২:৩২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামোড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)।  

নিহত দুজনের বাড়ি নরসিংদী জেলা সদরে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ট্রাকটি আটক করে হাইওয়ে থানায় রাখা হয়েছে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, নরসিংদী থেকে দুজন মোটরসাইকেলে সিলেট অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে বৈষামোড়া নামক এলাকায় সড়কে যানজটে দাঁড়িয়ে থাকার সময় পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। 

এতে ঘটনাস্থলে অনুপ কুমার নামে একজন নিহত হয় এবং আনোয়ারুল আজিম নামে অপরজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান। 

তিনি আরও জানান, ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। 

   

About

Popular Links

x