Saturday, October 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

শাহজালালে লাগেজের গতিবিধি দেখা যাবে মনিটরে, বসানো হলো ৩২ সিসিটিভি ক্যামেরা

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়

আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন থেকে যাত্রীরা নিজের চোখেই দেখতে পারবেন লাগেজের গতিবিধি। লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে বিমানবন্দরের আটটি লাগেজ বেল্ট এলাকায় ৩২টি সিসিটিভি ক্যামেরা ও ৬৫ ইঞ্চি আকারের ১৮টি মনিটর বসানোর কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। শনিবার এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়।

বেবিচক বলছে, যাত্রীসেবার মানোন্নয়ন, লাগেজের নিরাপত্তা জোরদার এবং লাগেজ হ্যান্ডলিং কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় উড়োজাহাজ থেকে লাগেজ নামানো, নির্ধারিত স্থানে পরিবহন, বাছাই এবং শেষ পর্যন্ত লাগেজ বেল্টে পৌঁছানো পুরো প্রক্রিয়াই মনিটরের পর্দায় সরাসরি দেখতে পাবেন যাত্রীরা। এতে নিজের লাগেজ কোথায় আছে, সে বিষয়ে তারা স্পষ্ট ধারণা পাবেন এবং সংগ্রহের প্রতিটি পর্যায়ে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

গত ৬ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে যান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। সে সময় যাত্রীসেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে লাগেজ হ্যান্ডলিংয়ের অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিক তথ্য দেখানোর জন্য বিমানবন্দরে “লাইভ মনিটরিং স্ক্রিন” বসানোর নির্দেশ দেন তিনি। মন্ত্রীর সেই নির্দেশনার প্রায় দেড় মাস পর ক্যামেরা ও মনিটর স্থাপনের কথা জানাল বেবিচক।

সংস্থাটির প্রত্যাশা, এ উদ্যোগে লাগেজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহি আরও বাড়বে। বিশেষ করে প্রবাসীসহ দেশি-বিদেশি সব যাত্রী যেন ভ্রমণ শেষে নির্বিঘ্নে ও নিশ্চিন্তে লাগেজ সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যে প্রযুক্তিনির্ভর ও যাত্রীবান্ধব সেবা সম্প্রসারণের কাজ চলমান থাকবে বলে জানিয়েছে বেবিচক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থাটির ভাষ্য, দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান আরও উন্নত করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

   

About

Popular Links

x