Wednesday, October 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাকের ‘গোপন চেম্বারে’ মিললো ৩ লাখ ২০ হাজার ইয়াবা

বুধবার (২১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় পুলিশ

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পিএম

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ‘গোপন চেম্বার’ থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বুধবার (২১ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সিএমপি'র গোয়েন্দা বিভাগের (দক্ষিণ) উপপুলিশ কমিশনার শেখ শরীফুল ইসলাম। 

এ ঘটনায় ট্রাকচালক ও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে মো. রুহুল আমিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

এর আগে, রাত ১টা ৫০ মিনিটে ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীতে ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে এ অভিযান চালানো হয়।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (দক্ষিণ) স্পেশাল টিম-০১-এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, মঙ্গলবার রাতে কক্সবাজার থেকে একটি ট্রাকে করে মাদকদ্রব্য নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাচ্ছে, এ তথ্যের ভিত্তিতে মনসুরাবাদ এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে রাত ১টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি সেখানে পৌঁছুলে পুলিশ সেটি আটক করে।

ট্রাকের চালক রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি চেম্বারে ইয়াবা থাকার কথা জানান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্টাকের গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার বাসিন্দা।

ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে ডিবি। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

   

About

Popular Links

x