ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ নিশ্চিত করতে শনিবার দিবাগত রাত ১২টা থেকে সাগর ও নদীতে জাটকা আহরণে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নিষেধাজ্ঞা চলাকালে জাটকা (২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ) আহরণ, পরিবহন, বাজারজাত, কেনাবেচা ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মৎস্য অধিদপ্তর এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।
মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধন) অধ্যাদেশ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড, সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্ট গার্ড, নৌ পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মৎস্য অধিদপ্তর সারাদেশে কঠোরভাবে এ নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে।
এর আগে, মা ইলিশ রক্ষায় গত ৮ থেকে ২৯ অক্টোবর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ পরিচালনা করা হয়।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ডিমওয়ালা ইলিশের ছাড়া ডিম থেকে ফোটা পোনা পাঁচ থেকে আট মাস বয়স পর্যন্ত দেশের উপকূলীয় নদ-নদী ও মোহনায় অবস্থান করে। ইলিশের উৎপাদন বাড়ানো এবং এর টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে এ সময়ে পোনা রক্ষা করা জরুরি বলে জানিয়েছে মন্ত্রণালয়। পোনাগুলো নিরাপদে বেড়ে ওঠার সুযোগ পেলে ভবিষ্যতে দেশে ইলিশের উৎপাদন আরও বাড়বে।



