ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আজও অবরোধের চেষ্টা করেছে গাজীপুর শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকরা।
রবিবার (২২ নভেম্বর) সকাল থেকে শ্রমিকরা সড়কে নেমে এলে এই এলাকার ১৩টি কারখানা ছুটি ঘোষণা করে মালিক কর্তৃপক্ষ।
শিল্প পুলিশ ও শ্রমিক ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রবিবার সকাল সোয়া ৯টা ২০ মিনিটের দিকে বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল লিমিটেড পোশাক শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কারখানার ভেতর কর্মবিরতি পালন করছিলো।
কর্তৃপক্ষ প্রথমে শ্রমিকদের কাজে ফেরানোর চেষ্টা করে, সকাল সাড়ে ১০টার দিকে ছুটি দিয়ে দেয় কারখানাটি।
পরে আশপাশের আরও ৫টি কারখানা ছুটি ঘোষণা করা হলে ওইসব কারখানার শ্রমিকরা জড়ো হয়ে মিছিল নিয়ে গড়গড়িয়া মাস্টারবাড়ীর দিকে যায়। এসময় তারা মহাসড়ক অবরোধ করে। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধঘণ্টার জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেওয়ায় আশপাডা মোড়ে সাবলাইন পোশাক কারখানার সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে সাউণ্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে পুলিশ। পরে শ্রমিকরা ১নং সিএন্ডবি বাজারে অবস্থানে জড়ো হওয়ার চেষ্টা করলে সেখানেও ধাওয়া দিয়ে সাউণ্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে পুলিশ।
যদিও গতকাল শনিবার টানা ১৫ দিনের শ্রমিক আন্দোলন ও উত্তেজনার পর স্বাভাবিক পরিবেশে কারখানাগুলোয় উৎপাদন কাজ শুরু হয়েছিলো।
বিক্ষোভকারী শ্রমিকরা জানায়, ২৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে তাদের মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। ওই সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা কাজে যোগদান করবে না। মজুরি বৃদ্ধির কাথা বললেও কার্যত সরকারের দায়িত্বশীলরা তাদের মজুরি নিয়ে সময় পার করছে বলেও অভিযোগ তাদের।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) সফিউল বলেন, “শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়াও চেষ্টা করলে পুরিশ সাউণ্ড গ্রেনেড ও টিয়ারসেল ছুঁড়ে শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে দিলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।”
যে কারখানাগুলোয় ছুটি ঘোষণা করা হয়েছে
শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার আমান টেক্সটাইল লিমিটেড, দক্ষিন ভাংনাহাটি এলাকার হ্যামস গার্মেন্টস লিমিেিটড, রাতুল অ্যাপারেলস লিমিটেড, গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ডেনিমেক গার্মেন্টস লিমিেিটড, ফখরুদ্দিন টেক্সটাইল লিমিটেড, মেঘনা গার্মেন্টস, গিলারচালা এলাকার মেঘনা গ্রুপের সাবলাইন গার্মেন্টস, ভিন্টেজ ডেনিম লিমিটেড, প্যারামোউন্ট টেক্সটাইল লিমিটেড, আনসার রোড এলাকার সাসটেইনেবল ওয়েপ প্রসেসিং প্লান্ট, বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের আরবেলা ফ্যাশন লিমিটেড, বহেরারচালা এলাকার লান্তাবুর গ্রুপের তাকওয়া ফ্যাশন লিমিটেড, শ্রীপুর সড়কের নতুন বাজার এলাকার এমএইচসি অ্যাপারেলস লিমিটেড।



