টাঙ্গাইলে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে নিখোঁজের একদিন পর তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে ইউনিয়নের একটি গ্রাম থেকে লুঙ্গি মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুটি ওই গ্রামের আমিন ইসলামের সন্তান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীর বাড়িতে খেলতে যায় শিশুটি। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিলো না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে বৃহস্পতিবার সকালে বাড়ির পেছনে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ বলেন, “নিহতের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”



