সাবেক প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবসহ গ্রেপ্তার ৪

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পিএম

রাজধানীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকা থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব, সাবেক ডিসি ও সাবেক কাউন্সিলরের সহযোগীসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. ফজলুল করিম।

এর আগে, বুধবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে এদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে ছাত্রদলের নেতাকর্মীরা। 

আটকদের মধ্যে রয়েছেন, শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।  

অন্যদিকে, পৃথক অভিযানে মোহাম্মদপুরের সাবেক কাউন্সিলর রাজিবের সহযোগী আল আমিনকে ককটেলসহ আটক করেছে পুলিশ। সব মিলিয়ে মোট চারজনকে আটক করা হয়েছে এবং তারা বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

আটক কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। কর্মজীবনে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন। 

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাকে পিআইবির ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপ-প্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়, পরে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে চারজনই বর্তমানে মোহাম্মদপুর থানা-পুলিশের হেফাজতে আছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।