ঢাকার সাভারের হেমায়েতপুরে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে একটি পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেড নামের ওই কারখানার পক্ষ থেকে করা মামলায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চার পোশাক শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাতে কারখানাটির অ্যাডমিন ও মানবসম্পদ (এইচআর) বিভাগের ব্যবস্থাপক মো. নুরুল আমিন বাদী হয়ে সাভার মডেল থানায় মামলাটি করেন।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা বলেন, “গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বহিরাগত শ্রমিকেরা এ কে এইচ স্টিচ আর্ট লিমিটেডে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। এসময় কারখানার কর্মীদের মারধরের ঘটনাও ঘটে।”
পরে প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষীরা চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
কারখানা কর্তৃপক্ষ তাদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৬০০ জনের বিরুদ্ধে মামলা করেছে। আটক চারজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই পোশাক শ্রমিক বলে নিশ্চিত হওয়া গেছে।
মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে অপরাধমূলক ষড়যন্ত্র, বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে কারখানায় অনধিকার প্রবেশের অভিযোগ করা হয়েছে। এছাড়া কারখানার স্টাফদের হত্যার উদ্দেশ্যে মারধর করে গুরুতর রক্তাক্ত জখম, ভাঙচুর, ক্ষতিসাধন, চুরি এবং ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
এজাহারে কারখানার ৮২ লাখ টাকার মালামাল ভাঙচুর এবং ১০ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উল্লেখ করা হয়েছে।
সাত কারখানায় শ্রমিকদের কর্মবিরতি
এদিকে নতুন নিম্নতম মজুরি ঘোষণার পরও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। সকালে শিল্পাঞ্চলের সাতটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন।
আশুলিয়া শিল্প পুলিশের এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া সকাল ৯টায় জানান, আজ সকাল থেকে সাতটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন করছেন।
শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা ২২টি কারখানাও বন্ধ রয়েছে। তবে শিল্পাঞ্চলের অন্যান্য সচল কারখানার অধিকাংশে স্বাভাবিক কার্যক্রম চলছে বলে জানান শিল্প পুলিশের এই কর্মকর্তা।



