বাংলাদেশের প্রায় ৪৫% মানুষের ক্রয় ক্ষমতা বেশ ভালো উল্লেখ করে বিভিন্ন দেশের জন্য এখানে বিনিয়োগের ভালো সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়। বাংলাদেশ প্রায় ১৭ কোটি মানুষের একটি বড় বাজার। এরমধ্যে প্রায় ৪৫% মানুষের ক্রয় ক্ষমতা বেশ ভালো। পার্শ্ববর্তী ভারত এবং চীন দুটি বড় বাজার। বাংলাদেশে প্রচুর দক্ষ জনশক্তি রয়েছে। এখানে বিনিয়োগের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিশেষ সুযোগ- সুবিধা প্রদান করছে। বাংলাদেশে কম খরচে পণ্য উৎপাদন করে সহজেই অন্যদেশে রপ্তানি করা সম্ভব।”
রবিবার (২৯ মে) রাজধানীর হোটেল ওয়েস্টিনে নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ডেনমার্ক, নরওয়ে ও সুইডেন অ্যাম্বাসি এবং ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব ডেলিগেশনের সহযোগিতায় “ফরেন ডাইকেন্ট ইনভেস্টমেন্ট ফর লজিস্টিক সেক্টর” শীর্ষক দিনব্যাপী আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ এখন শক্ত অর্থনৈতিক শক্তির ওপর দাঁড়িয়ে আছে। দেশে উন্নয়ন এখন দৃশ্যমান। আগামী ২০৩০ সালে এসডিজি অর্জনের মাধ্যমে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বাণিজ্য বৃদ্ধির জন্য সরকার প্রয়োজনীয় এবং সময়োপযোগী জাতীয় লজিস্টিক নীতিমালা গ্রহণ করেছে। লজিস্টিক সেক্টর দেশের আমদানি ও রপ্তানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশে বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধির জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং ব্যবসাবান্ধব টেকসই পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।”
প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট তাহরিন আনাম, এইচএসবিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ডেনমার্কের অ্যাম্বাসেডর উইনি ইস্ট্রুপ পেটারসেন, নরওয়ের অ্যাম্বাসেডর ইসপেন রিকটার এসভেন্ডসেন, সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজেন্ড্রা বার্গ ভন লিনডি এবং ইউরোপিয়ন ইউনিয়নের হেড অব ডেলিগেশন চার্লেস হুইটলি।



