ঘূর্ণিঝড় মোখা আঘাত হানার আগে থেকেই দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। মোখার প্রভাবে বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। তবে এ কদিন বৃষ্টি হয়নি।
অবশেষে মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় বৃষ্টিতে ভিজলো ঢাকা।
পরিমাণে খুব বেশি না হলেও এ বৃষ্টিতে জনমনে স্বস্তি ফিরেছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।



