Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

কর্ণফুলী টানেলের টোল নির্ধারণ

সেপ্টেম্বরে চালু হতে যাওয়া  কর্ণফুলী টানেলের ভেতর দিয়ে ১২ ধরনের যানের জন্য টোলের হার চূড়ান্ত করা হয়েছে

আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১১:১০ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে যান চলাচলের টোল নির্ধারণ করেছে সরকার।

বৃহস্পতিবার (১৩ জুলাই) টোল নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। 

সেপ্টেম্বরে চালু হতে যাওয়া এ টানেলের ভেতর দিয়ে ১২ ধরনের যানের জন্য টোলের হার চূড়ান্ত করা হয়েছে। টানেলের ভেতর দিয়ে মোটরসাইকেল বা দুই চাকার কোনো যান চলাচল করতে পারবে না।

প্রজ্ঞাপন অনুযায়ী, গাড়ি, জিপ বা পিকআপের জন্য ২০০ টাকা এবং মাইক্রোবাসের জন্য টোল ২৫০ টাকা।

বাসের আসন ৩১ আসন বা এর কম হলে টোল ৩০০ টাকা, ৩২ আসন বা তার বেশি হলে ৪০০ টাকা এবং ৩-এক্সেল বাসের জন্য টোল ৫০০ টাকা।

ট্রাক-৫ টন পর্যন্ত ৪০০ টাকা, ৮ টন পর্যন্ত ৫০০ টাকা এবং ৮ থেকে ১১ টনের ট্রাকের টোল ৬০০ টাকা।

মালবাহী ৩ এক্সেল ট্রেলারের টোল ৮০০ টাকা, ৪ এক্সেল ট্রেলারে ১ হাজার টাকা এবং ৪ এক্সেলের বেশি প্রতি এক্সেলের জন্য ১ হাজারের সঙ্গে ২০০ টাকা যোগ করে টোল দিতে হবে।

২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণকাজ শুরু হয়। টানেলের দুটি টিউব বা সুড়ঙ্গের মধ্যে দক্ষিণ সুড়ঙ্গের (টিউব) পূর্তকাজ শেষ হয়েছে। এই সুড়ঙ্গ চট্টগ্রামের আনোয়ারা প্রান্ত থেকে শুরু হয়ে নগরের পতেঙ্গা প্রান্ত পর্যন্ত। টানেলের বর্তমান অগ্রগতি ৯৮%। এর মধ্যে পূর্তকাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে বৈদ্যুতিক ও যান্ত্রিক কাজ চলছে। এই টানেল নির্মাণে ব্যয় হচ্ছে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা। 

   

About

Popular Links

x