বিশিষ্ট কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, “মহাকাশে ভারতের চন্দ্রযান সফলভাবে অবতরণ করেছে। এটি দেখে আমার হিংসা হয়। সত্যিই আমার হিংসা হয়।”
বৃহস্পতিবার (২৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, “আমাদের কেন ইলন মাস্কের থেকে রকেট কিনে আনতে হয়? বাংলাদেশ কেন এসব ক্ষেত্রে এগিয়ে যেতে পারছে না?”
তিনি বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা দেখলাম, যারা এতদিন আমাদের দেশকে স্বাধীনতার স্বীকৃতি দেয়নি, তারা স্বীকৃতি দিতে শুরু করলো। বিশেষ করে মধ্যপ্রাচ্য, চীন, যুক্তরাষ্ট্র অন্যতম। এরপর আমরা দেখলাম, যারা বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে জড়িত তারা দেশের মন্ত্রীর চেয়ারে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়।”
তিনি আরও বলেন, “আমার সব বন্ধুরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। তাদের ছবি দেখে বুঝি, তারা বলে, ‘আমরা তো দেশ স্বাধীনের জন্য মারা গেছি। কিন্তু কোন বাংলাদেশের জন্য আমরা মারা গেছি? বাংলাদেশ কি সে জায়গাই যেতে পেরেছে’?”
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, “সামনের জাতীয় নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র হচ্ছে। স্বাধীনতার পক্ষের শক্তি যেন ক্ষমতায় থাকতে না পারে সেজন্য দেশি-বিদেশি নানা চক্রান্ত চলছে। এসব ষড়যন্ত্রকে মোকাবিলা করতে আমাদের ঐক্যবদ্ধ থাকা ছাড়া অন্য কোনো পথ নেই।”
সভায় সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় “স্বাধীনতা শিক্ষক সমাজ” এর সভাপতি অধ্যাপক ড. হোসেন আরা বেগম। সঞ্চালন করেন সহযোগী অধ্যাপক খন্দকার মোস্তাসির হাসান। এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



