ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ এখন ট্রেন চালানোর জন্য প্রস্তুত। এখন পদ্মা সেতুর ওপর দিয়ে এই পথে ট্রায়াল ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে কমলাপুরের উদ্দেশ্যে ফরিদপুর ছেড়েছে পদ্মা সেতু অফিশিয়াল ট্রায়াল রানের ট্রেনটি।
বাংলাদেশ রেলওয়ে বিভাগ ফরিদপুর স্টেশন মাস্টারের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার নতুন এই রেলপথ দিয়ে প্রথম ঢাকা থেকে ভাঙ্গা স্টেশনে আসবে ট্রায়াল ট্রেনটি।
আগামী ১০ অক্টোবর এই রেলপথ উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করবেন। পুরো প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার।
ফরিদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. তাকদির হোসেন জানান, বুধবার ১১টা ৪০ মিনিটের দিকে রাজবাড়ী থেকে ফরিদপুর এসে পৌঁছায় ট্রায়াল ট্রেনটি। এখানে ১ মিনিট বিরতি শেষে ফরিদপুর থেকে ভাঙ্গা হয়ে ঢাকার কমলাপুর রেলস্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।
তিনি বলেন, “এর আগে মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ঈশ্বরদী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ী এসে পৌঁছায়। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ট্রেনটির চালক হিসেবে রয়েছেন আবুল কাশেম; আর পরিচালনার দায়িত্বে আছেন মো. সালাউল্লাহ। ট্রেনটি ৮টি কোচ ও ১টি ইঞ্জিন রয়েছে।”



