Saturday, September 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

দূর হচ্ছে জাবির গণরুম সমস্যা, আশা দিলেন উপাচার্য

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাবির নতুন ছয়টি আবাসিক হল ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র উদ্বোধন করবেন

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৬:৫৪ পিএম

নবনির্মিত ছয় আবাসিক হল উদ্বোধন হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণরুম সমস্যা দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।

মঙ্গলবার (১৪ নভেম্বর) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত নতুন ছয়টি আবাসিক হল ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সোমবার এক সংবাদ সম্মেলনে এসব ভবনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন জাবি উপাচার্য।

অধ্যাপক ড. নূরুল আলম বলেন, আমরা হিসেব করে দেখেছি, এই ছয় হল চালু হলে বিশ্ববিদ্যালয়ে গণরুম আর থাকবে না। শিক্ষার্থীদের পড়াশোনা ও গবেষণার পরিবেশের কথা বিবেচনায় নিয়ে নতুন চেয়ার-টেবিলের টেন্ডার হয়েছে। দ্রুত সেগুলো পাব। ইউজিসি আউটসোর্সিংয়ের মাধ্যমে আমাদের ১৬টি পদ দিয়েছে, আগের ১৩টি মিলিয়ে এখন আমাদের মোট পদ ২৯টি। আউটসোর্সিংয়ের টেন্ডার হয়েছে। সেগুলো খোলাও হয়েছে। এখন মূল্যায়ন করে এ মাসের মধ্যে কার্যক্রম শেষ করা হবে।

নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম শুরুর বিষয়ে তিনি বলেন, আগামী মাসের প্রথম সপ্তাহে লোকবল নিয়োগের পর অথবা এর আগেই আমরা ক্লাস শুরুর চেষ্টা করব। ২০২২ সালে আমরা ৩১ জানুয়ারি ক্লাস শুরু করেছিলাম। ওই হিসেবে এখনও আমাদের হাতে আড়াই থেকে তিন মাস সময় আছে। হলগুলো চালু হলে এর মধ্যেই অথবা অন্য কোনো পদ্ধতিতে দ্রুত ক্লাস শুরুর চেষ্টা করব।

জাবিকে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে ২০১৮ সালের ২৩ অক্টোবর একনেকে ১,৪৪৫ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২৩টি স্থাপনা তৈরি হবে। শিক্ষার্থীদের আবাসন সঙ্কটকে গুরুত্ব দিয়ে প্রথম ধাপে ছয়টি আবাসিক হলের নির্মাণকাজ শেষ হয়েছে।

মুক্তিযুদ্ধকে সম্মান জানিয়ে গত ১১ আগস্ট নতুন ছয় হলের নামকরণ করা হয়। যেখানে, ১৭ নম্বর হলের নাম বেগম রোকেয়া হল, ১৮ নম্বর হলের নাম ফজিলাতুন নেছা হল ও ১৯ নম্বর হলের নাম বীরপ্রতীক তারামন বিবি হল নামকরণ করা হয়েছে।

অপরদিকে ছাত্রদের তিনটি হলের মধ্যে ২০ নম্বর হলের নাম শহীদ তাজউদ্দীন আহমদ হল, ২১ নম্বর হলের নাম শেখ রাসেল হল ও ২২ নম্বর হলের নাম কাজী নজরুল ইসলাম হল হিসেবে নামকরণ করা হয়েছে।

   

About

Popular Links

x