ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে মোট ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জন খুলনা বিভাগে চিকিৎসাধীন ছিল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এর আগে, শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যুর কথা জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮ জনের মধ্যে ৫ জন খুলনা বিভাগে চিকিৎসাধীন ছিল। অন্য তিনজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে এবং দুজন রাজধানীর বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২১৯ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে ২, ফেব্রুয়ারিতে ২, মে মাসে ১, জুনে ১৩, জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জন মারা যায়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ১ হাজার ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৭১ হাজার ৫৩৬ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৬৬ হাজার ২৫৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।



