পাবনায় চাঁপাইনবাবগঞ্জগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এতে ওই রুটে রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে পাবনার আমিনপুর থানার কাশিনাথপুর-বাঁধেরহাট রেলওয়ে স্টেশনের মাঝে রানীগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঢালারচর এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাফিজুল ইসলাম ঢাকা ট্রিবিউনকে জানান, সোমবার সকালে পাবনার ঢালারচর থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় ঢালারচর এক্সপ্রেস। পাবনার কাশিনাথপুর-বাঁধেরহাটের মাঝামাঝি রানীগ্রামে ট্রেনটি পৌঁছালে হঠাৎ করেই দুইটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, “রেললাইনে পর্যাপ্ত পরিমাণে ক্লিপ নেই। ট্রেন লাইনে উঠলে নড়াচড়া করে। যে কারণে বগি লাইনচ্যুত হয়েছে। এটি আঞ্চলিক রেলপথ। আপাতত পাবনা-ঈশ্বরদীর মধ্যে রেলযোগাযোগ বন্ধ আছে।”
পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল বলেন, “খবর পেয়ে সকাল পৌনে ৮টার দিকে ঈশ্বরদী দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করতে লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। ট্রেনটি উদ্ধার করতে কিছুটা সময় লাগবে।”
এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা হারুন অর রশিদকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।



