যেকোনো মূল্যে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, “নির্বাচনে মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রিটার্নিং অফিসারদের মূল দায়িত্ব পালন করতে হবে।”
শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে যশোরে খুলনা বিভাগীয় প্রশাসনের বৈঠক শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “কেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনি কর্মকর্তারাই থাকতে পারবেন। সেখানে কোনো অনিয়ম, কারচুপি, দখলদারিত্ব না হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটাররা যাতে স্বাধীনভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারেন, সেটা নিশ্চিত করা হবে।”
তিনি বলেন, “বিভিন্ন জায়গায় যে হামলার ঘটনা ঘটছে, সেগুলোর তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”
এ দিন খুলনা বিভাগের ১০ জেলা ও ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী জেলার জেলা প্রশাসক (ডিসি)-পুলিশ সুপার (এসপি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে বৈঠক করেন সিইসি।
সকাল ১০টায় যশোর শেখ হাসিনা আইসিটি পার্ক অডিটরিয়ামে অনুষ্ঠিত বৈঠকে ডিসি-এসপি, ইউএনও-ওসি, বিজিবি ও আনসার বাহিনীর ২৯০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
খুলনা বিভাগের কমিশনার কার্যালয় ও যশোর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত বৈঠকে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার হেলাল মাহমুদ শরীফ। বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম।



