ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, “রাত ৯টার দিকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।”
বেনাপোল থেকে যাত্রী নিয়ে ট্রেনটি ঢাকায় আসছিল। কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর অল্প কিছুক্ষণ আগে গোপীবাগ কাঁচাবাজারের সামনে ট্রেনে আগুন লাগে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারোয়ার অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের ৫টি বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে পাঁচটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। বগির ভেতরে মানুষজন আছে, তাদেরকে এখনও উদ্ধার করা যায়নি। ফায়ার সার্ভিস এবং রেলওয়ের নিরাপত্তা বাহিনী আগুন নেভানোর কাজ করছে। এছাড়া ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীও অবস্থান করছে। হতাহত সম্পর্কে এখনই বলা যাচ্ছে না।”



