Friday, June 12, 2026

সেকশন

English
Dhaka Tribune

কাদের: মেট্রোরেল টঙ্গী পর্যন্ত সম্প্রসারণের জরিপ চলছে

‘মেট্রোরেলের মতিঝিল থেকে কমলাপুর অংশের নির্মাণকাজ আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে’

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৪:২৪ পিএম

ঢাকা মেট্রোরেল উত্তরা থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণের জন্য জরিপ চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২০ জানুয়ারি) উত্তরার দিয়াবাড়িতে ডিএমটিসিএল ভবনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “মেট্রোরেলের মতিঝিল থেকে কমলাপুর অংশের নির্মাণকাজ আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে। ইজতেমা ও বইমেলাসহ বিভিন্ন দিনে মেট্রোরেলের সার্ভিসের সময় বাড়ানোর বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

তিনি বলেন, “আজ থেকে মেট্রোরেল শুক্রবার ছাড়া প্রতিদিন উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে সকাল ৭টা ১০ মিনিটে যাত্রা শুরু করবে। মতিঝিল থেকে সর্বশেষ মেট্রো ট্রেন রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর মেট্রো স্টেশনের উদ্দেশে ছেড়ে আসবে। পিক আওয়ারের হেডওয়ে হবে ১০ মিনিট ও অফপিক আওয়ারের হেডওয়ে হবে ১২ মিনিট।”

ট্রেনের প্রতিটি ট্রিপের সময়ের ব্যবধান হবে পিক আওয়ারে ১০ মিনিট এবং অফ-পিক আওয়ারে ১২ মিনিট।

তিনি বলেন, “মেট্রোরেলে যাত্রীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। ২০৩০ সালের মধ্যে মেট্রোরেলের ছয়টি লাইন চালু হবে।”

কাদের বলেন, “সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”

   

About

Popular Links

x