Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সারাদেশে ৫০০টি ইটভাটা বন্ধ হচ্ছে চিরতরে

দেশের সব ইটভাটা বন্ধ করে আধুনিক ব্লক তৈরিতে ব্যবসায়ীদের উৎসাহিত করছে সরকার

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১০ পিএম

প্রাথমিকভাবে দেশের ৫০০টি ইটভাটা বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এই ঘোষণা দেন মন্ত্রী।

সাবের চৌধুরী বলেন, “এগুলো শুধু বন্ধ নয়, যাতে পরবর্তীতে আর চালু না হতে পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। ইটভাটা নিয়ে আমাদের একশ দিনের একটি কর্মসূচি আছে। অবৈধ ভাটাগুলোর বিষয়ে আমরা পর্যায়ক্রমে ব্যবস্থা নেব।”

তিনি আরও বলেন, “কয়টা ইটভাটা আছে, আমরা কয়টা অভিযান পরিচালনা করলাম, এখন আমরা এই আলোচনায় থাকতে চাই না। আমরা চাইব, সবগুলো ভাটা বন্ধ হয়ে যাক। সবাই আধুনিক পদ্ধতিতে ব্লক তৈরি শুরু করুক।”

“ব্লকের দুইটা সুবিধা আছে- প্রথমত এখানে কোনো কৃষি মাটির ব্যবহার হবে না। আরেকটি হলো ব্লক তৈরিতে কোনো বায়ুদূষণ হয় না।”

পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরও বলেন, “ফেনীর ইটভাটাগুলো নিয়ে আমি যতটুকু জানি, যখন ভাটাগুলো স্থাপন করা হয় তখন কোনো বসতি আশপাশে ছিল না। শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। এখন হয়ে গেছে। এসব কারণে ভাটাগুলোর নবায়ন করা হচ্ছে না। এমতাবস্থায় আমরা ব্লকের প্যাকেজের দিকে যাচ্ছি। আশা করব এখানে যারা ভাটার মালিক রয়েছেন, তারা সরকার থেকে প্যাকেজ গ্রহণ করে ব্লকের দিকে যাবেন।”

নদী দখল ও দূষণের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “সরকার জলাধার রক্ষায় ডিজিটাল ম্যাপিং করছে। এর মাধ্যমে আমাদের সবগুলো নদী, জমি, খাল ও জলাধার সম্পর্কে সুনিশ্চিত হতে পারব। এরপর মনিটরিংটাও আমরা ভালোভাবে করতে পারব।”

এ সময় বন বিভাগের পরিচালক (ভূমি পরিমাপ) আনিস মাহমুদ, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শওকত আরা কলিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x