ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের প্রতিবাদে রামপুরা এলাকা অবরোধ করেছে অটোরিকশাচালকরা। এতে দুই পাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তীব্র যানজট তৈরি হয়েছে।
সোমবার (২০ মে) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে রামপুরা এলাকা অবরোধ করেন অটোরিকশাচালকরা।
খোঁজ নিয়ে জানা গেছে, অটোরিকশা চালানোর দাবিতে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে রেখেছেন অটোরিকশা চালকরা।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান জানান, সকালে অটোরিকশা চালানোর দাবিতে চালকরা রাস্তায় নামেন। এখন পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রেখেছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, একই দাবিতে রবিবার মিরপুরে সড়ক অবরোধ করেন অটোরিকশার চালকরা। এতে দিনভর মিরপুর-১০ গোল চত্বরের আশে পাশের এলাকায় দিনভর যান চলাচল ব্যাহত হয়।
এর আগে, রাজধানীতে ব্যাটারি বা যন্ত্রচালিত কোনো রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের প্রথম সভায় এই নির্দেশ দেন ওবায়দুল কাদের।



