বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগপত্র পাওয়ার কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র পাওয়ার সঙ্গে সঙ্গেই তার পদত্যাগ কার্যকর হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় সংসদের টানেলে সাংবাদিকদের এসব কথা বলেন স্পিকার। তিনি জানান, পদত্যাগপত্রটি নির্বাচন কমিশনে পাঠানো হবে।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, "সংরক্ষিত নারী আসনের ২৩ নম্বর সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি আমার অফিসে এসে লিখিতভাবে পত্র দিয়ে গেছেন। সংবিধানের বিধান অনুযায়ী পত্রটি পাওয়ার পরই তার পদ শূন্য হয়ে গেছে। আমরা এটি নির্বাচন কমিশনে পাঠিয়ে দেব। আজ থেকেই এই পদত্যাগ কার্যকর হবে।"
পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ করা হয়েছে কি না, জানতে চাইলে স্পিকার বলেন, সংসদের বিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য পদত্যাগের সময় কারণ উল্লেখ করেন না।
এর আগে বৃহস্পতিবার দুপুরে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার পদত্যাগের পর জাতীয় সংসদের ২৩ নম্বর সংরক্ষিত নারী আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।



